|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৬ ০১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬ ০২:২৮ অপরাহ্ণ

বীঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর, প্রকাশ্যে ‘এথা’র টিজারে নতুন চমক


বীঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর, প্রকাশ্যে ‘এথা’র টিজারে নতুন চমক


বিনোদন ডেস্ক

 

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘এথা’-এর টিজার, যেখানে মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকর-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টিজার প্রকাশের পর থেকেই শ্রদ্ধার অভিনয়, নতুন লুক এবং চরিত্রে নিজেকে উপস্থাপনের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
 

দীর্ঘদিন ধরে রোমান্টিক ও বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করা শ্রদ্ধা কাপুর এবার একজন সংগ্রামী শিল্পীর জীবনের গল্প পর্দায় তুলে ধরছেন। সিনেমাটিতে বীঠাবাঈয়ের শিল্পচর্চা, সামাজিক প্রতিবন্ধকতা এবং প্রতিষ্ঠা পাওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। টিজারের বিভিন্ন দৃশ্যে তাঁর জীবনের আবেগঘন মুহূর্তগুলো ফুটে উঠেছে, যেখানে শ্রদ্ধাকে দেখা গেছে একেবারেই নতুন রূপে।
 

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার। নির্মাতাদের ভাষ্য, এটি কেবল একজন শিল্পীর জীবনী নয়; বরং শিল্পের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগ এবং স্বপ্নপূরণের অনুপ্রেরণামূলক গল্প। পাশাপাশি বীঠাবাঈ নারায়ণগাওংকরের জীবনের অনেক অজানা অধ্যায়ও তুলে ধরা হবে এই বায়োপিকে।
 

জানা গেছে, ‘এথা’র টিজার প্রথম প্রদর্শিত হয় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ককটেল ২’ সিনেমার প্রদর্শনীর সময়। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, এটি শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র হতে পারে। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রণদীপ হুডা। নতুন এই জুটিকেও ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
 

শুটিং চলাকালে একটি দৃশ্য ধারণের সময় শ্রদ্ধা কাপুর আহত হলেও কাজ বন্ধ না করে শুটিং শেষ করেন বলে জানা গেছে। চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতিও নিয়েছেন।
 

এর আগে শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী ২’ বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘এথা’ নিয়েও প্রত্যাশা তুঙ্গে। আগামী ২৮ আগস্ট সিনেমাটি মুক্তির পরই জানা যাবে, বীঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।

সূত্র: বলিউড লাইফ


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬