|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০১:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী


জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী


সিলেট প্রতিনিধি:


জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও তা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করলেও সরকার তা দক্ষতার সঙ্গে ম্যানেজ করবে, যাতে এর প্রভাব সাধারণ মানুষের ওপর না পড়ে। দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এতে পণ্যমূল্যে কেজিপ্রতি প্রায় ৩০ পয়সার মতো প্রভাব পড়তে পারে, যা উল্লেখযোগ্য নয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিলেটে সাম্প্রতিক লোডশেডিং বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পূর্বের নানা অব্যবস্থাপনা মোকাবিলা করতে হচ্ছে। দেশের বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর উল্লেখ করে তিনি জানান, দেশে বর্তমানে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও চাহিদা মেটাতে আরও ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। কারিগরি সমস্যার কারণে চাহিদামাফিক গ্যাস আমদানিতে বিঘ্ন ঘটায় লোডশেডিং বেড়েছে। তবে দ্রুত এ সমস্যা সমাধানে কাজ চলছে।

তিনি আরও জানান, এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হচ্ছে।

আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাসিয়া খাল’ খনন কাজের উদ্বোধন করবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ৪০ কিলোমিটার দীর্ঘ এই খালের ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে। মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত এ কাজ চলবে। এর ফলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বৈশ্বিক সংকটে যাতে দেশ জিম্মি না হয়, সে লক্ষ্যে নতুন স্টোরেজ সুবিধা গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬