সৌদিতে সাঁড়াশি অভিযানে এক সপ্তাহে আটক ১১ হাজারের বেশি অভিবাসী
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অভিযানে মোট ১১ হাজার ১৭৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসিক আইন ভঙ্গের অভিযোগে, ৩ হাজার ৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এবং ১ হাজার ৪০৩ জন শ্রম আইন অমান্যের কারণে গ্রেপ্তার হয়েছেন।
একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়। আটক হওয়াদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ২৩ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ইতোমধ্যে ১১ হাজার ২৭২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের ক্ষেত্রে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।
অভিযানের সময় অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন কিংবা কাজের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৯ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
দেশটির সরকার বলছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬