|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ণ

কুমিল্লায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ৬ দিন পর কক্সবাজারে উদ্ধার


কুমিল্লায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ৬ দিন পর কক্সবাজারে উদ্ধার


কুমিল্লা প্রতিনিধি:



কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে ছয় দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়। বুধবার পুলিশের একটি দল দুই কিশোরীকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহমান।
 

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ১২ ও ১৩ বছর বয়সী দুই কিশোরী চৌদ্দগ্রাম উপজেলার একটি মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় না পৌঁছানোয় এবং পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
 

এরপর নিখোঁজ কিশোরীদের সন্ধানে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।
 

পরে কক্সবাজার জেলা ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়।
 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, উদ্ধার হওয়া দুই কিশোরীকে নিয়ে থানার একটি দল কুমিল্লার পথে রয়েছে। থানায় পৌঁছানোর পর তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬