|
প্রিন্টের সময়কালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ণ

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনে শহীদ-আহত পরিবারের জন্য ফ্ল্যাট বরাদ্দ


বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনে শহীদ-আহত পরিবারের জন্য ফ্ল্যাট বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক

 

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মধ্যে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন। বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে এসব বরাদ্দপত্র দেওয়া হয়।
 

আইএসপিআর জানায়, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে ‘অপরাজিতা’ নামে দুটি বহুতল ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্য থেকে নির্ধারিত পরিবারগুলোর মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে।
 

বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতা পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী ও গুরুতর আহত সামরিক সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬