‘আমেরিকাকে মহান করেছেন ট্রাম্প, আর ইরানকে মহান করতে চাই আমি’
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপ্যাক) বক্তব্য দিয়ে ইরানের বিরোধী নেতা রেজা পাহলভী ‘মেক ইরান গ্রেট এগেইন’ স্লোগান তুলে ধরেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।
শনিবার টেক্সাসের গ্রেপভাইনে আয়োজিত সিপ্যাক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক শাহর ছেলে পাহলভী ট্রাম্প প্রশাসনকে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না করে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা কি কল্পনা করতে পারেন ‘ডেথ টু আমেরিকা’ থেকে ‘গড ব্লেস আমেরিকা’-তে রূপান্তর?’ এ সময় উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক করতালি ও দাঁড়িয়ে সম্মাননা পান তিনি।
পাহলভী আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করছেন, আর আমি ইরানকে আবার মহান করতে চাই।’
তার এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এক মাস পূর্তির প্রেক্ষাপটে। চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
বিদেশে বসবাসরত ইরানি সম্প্রদায়ের মধ্যে পাহলভী একজন প্রভাবশালী বিরোধী মুখ হিসেবে পরিচিত। তার সমর্থকরা বিশ্বজুড়ে বিভিন্ন বিক্ষোভে তার ছবি ও ইরানের বিপ্লব-পূর্ব পতাকা বহন করে থাকেন।
সম্মেলনে তার বক্তব্যের সময় কিছু অংশগ্রহণকারী ‘লং লিভ দ্য কিং’ স্লোগানও দেন।
যদিও প্রবাসী ইরানিদের একটি অংশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে পাহলভী ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থী অবস্থানের সঙ্গে নিজেকে সামঞ্জস্যপূর্ণ রেখেছেন।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘এই শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিদায় নিতে হবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬