সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা কর্মসূচিতে পালিত হবে নজরুল বর্ষ
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) পালনের জন্য নানা কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, তা বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকারের উদ্যোগে জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য একটি কমিটি গঠন করা হবে। নজরুল বর্ষের লোগো ও পোস্টার তৈরি এবং ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এ ছাড়া স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে।
তিনি বলেন, নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত বা বিশেষ উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নজরুল বর্ষ পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুল বর্ষের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে গবেষণার জন্যও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬