|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৮:২১ অপরাহ্ণ

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড


মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের মধ্যে দুজনকে কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১৩-এ অবস্থিত বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালিত হয়।
 

অভিযানকালে কার্যালয় থেকে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত নাজিরুলকে দুই মাস এবং মো. জাকিরকে তিন মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া অপর একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, আটক ব্যক্তিরা একটি প্রতারক চক্রের সদস্য। তাঁরা বিআরটিএতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেতেন। এ ধরনের প্রতারণার বিষয়ে তাঁদের কাছে অসংখ্য অভিযোগ রয়েছে।
 

তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি দূর করার পাশাপাশি বিআরটিএ কার্যালয়ে স্বচ্ছ ও দালালমুক্ত সেবার পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬