আবারও হাস্যরসাত্মক গল্পে মোশাররফ করিম-নীলাঞ্জনা নীলা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলাকে আবারও একসঙ্গে দেখা যাবে নতুন হাস্যরসাত্মক নাটকে। ‘জামাই মানে যন্ত্র-না’ শিরোনামের নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পরিচালনা করেছেন সরদার রোকন। ইতোমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। তবে প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলার পর্দার রসায়ন দর্শকদের কাছে আগে থেকেই পরিচিত। এর আগে তাঁরা একসঙ্গে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামি’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নতুন নাটকটি নিয়েও আশাবাদী নীলা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পাই। নতুন নাটকে মোশাররফ করিমের পাশাপাশি নীলাঞ্জনা নীলাও ভালো অভিনয় করেছেন। গল্প ও অভিনয় মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। গল্পটি অন্যরকম। নীলাও আগের চেয়ে ভালো অভিনয়ের চেষ্টা করেছে। বরাবরের মতো আমাদের পর্দার রসায়ন দর্শকের ভালো লাগবে—এ আশা করাই যায়।’
অন্যদিকে, মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, ‘নন্দিত অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে শুরুতে অভিনয় করতে কিছুটা ভয় কাজ করত। তবে একসঙ্গে একাধিক নাটকে কাজ করতে গিয়ে বিষয়টি এখন উপভোগ করছি। তাঁর সঙ্গে কাজের মধ্য দিয়ে অভিনয় সম্পর্কে শেখার সুযোগও হয়।’
উল্লেখ্য, এর আগে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিম ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছেন। নতুন নাটক ‘জামাই মানে যন্ত্র-না’য় পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন ও হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, গল্প ও অভিনয়ের সমন্বয়ে নাটকটি দর্শকদের বিনোদন দেবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬