|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মে ২০২৫ ০২:২২ অপরাহ্ণ

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ


ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) উপর ন্যস্ত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 

আজ বৃহস্পতিবার (২৯ মে), প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে দায়ের করা আবেদন নিষ্পত্তি করেন। শুনানি শেষে আদালত পর্যবেক্ষণসহ আদেশ দেন যে, ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শুনানিতে ইসির পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়।
 

এর আগে, গতকাল বুধবার (২৮ মে), আদালত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে আজকের দিন ধার্য করেছিল। একইসঙ্গে, ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হয়।
 

আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
 

এর আগে, গত ১৪ মে, ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনার পাশাপাশি তাকে মেয়র ঘোষণা করা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
 

পরে, ২৬ মে হাইকোর্ট সেই রিট আবেদন খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে খারিজাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়, যার শুনানি শেষে আজকের এই সিদ্ধান্ত আসে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬