কুষ্টিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রী রাফিয়ার মৃত্যু হয়।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খোকসা ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬