|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক রাতেই আটক ৩৮৫


কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক রাতেই আটক ৩৮৫


তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:

 

কুমিল্লায় এক রাতের বিশেষ সাঁড়াশি অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

অভিযানে শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে আটক হওয়া ৩৮৫ জনের মধ্যে কার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জেলা পুলিশ।
 

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা সমন্বিতভাবে অভিযানে অংশ নেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন।
 

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
 

জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি নিরাপদ নগরী গড়ে তোলা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
 

এদিকে, এক রাতে বিপুলসংখ্যক মানুষকে আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও আটকের কারণ প্রকাশের দাবি উঠেছে। পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করলেও আটক ব্যক্তিদের অভিযোগভিত্তিক যাচাই এবং আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬