|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪ অপরাহ্ণ

‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’


নিজস্ব প্রতিবেদক

 

বরিশালের উজিরপুরে চুরির অপবাদে বাবাকে মারধরের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার বিরুদ্ধে দেওয়া অভিযোগকে মিথ্যা দাবি করে সে বাবার নিরাপদে ফিরে আসার আকুতি জানিয়েছে।
 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানানোর সময় তুবা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে।’ বাবার সঙ্গে আর কোনো অন্যায় না হওয়ার পাশাপাশি তিনি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবেন—এমন প্রত্যাশার কথাও জানায় শিশুটি।
 

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে উজিরপুরের বামরাইলে চুরির অপবাদ দিয়ে তুবার বাবা অনিক সরদারকে বেঁধে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে বেঁধে রেখে চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
 

তুবা জানায়, ভোররাতে এক ছেলে তাদের বাড়িতে এসে তার বাবাকে আটকে মারধরের কথা জানায়। পরে সে, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে গিয়ে বাবাকে বাঁধা অবস্থায় দেখতে পায়।
 

তুবা বলেন, ‘আমি গিয়ে দেখি বাবাকে বেঁধে রেখে মারছে সবাই। লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, লাথি দিচ্ছে। তখন আমি তাদের বলেছি, আমার বাবাকে আর মাইরো না, আমার বাবাকে ছেড়ে দাও। বাবার খুব ক্ষুধা লাগছে দেখে একজন চা আর রুটি দিলে আমি বাবাকে খাওয়াই।’
 

পরে অনিককে ছেড়ে দেওয়া হলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান। বাবাকে ফিরে পেয়ে আনন্দিত তুবা বলেন, ‘এখন বাবার একটা কর্মের ব্যবস্থা করে দিলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারব।’
 

অনিক সরদারের অভিযোগ, জমি ও পূর্বশত্রুতার বিরোধের জেরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তার ভাষ্য, ‘আমার কাছ থেকে চুরির কোনো মালামাল উদ্ধার হয়নি, কোনো প্রমাণও দেখাতে পারেনি।’
 

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ সময় তার পরিবারের ভরণপোষণসহ প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।
 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অনিকের ঘটনায় মানুষ কোনো কিছুই ভাবেনি, শুধু বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টি দেখেছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬