৩৫৫ কোটি টাকার মেগা প্রকল্পে বদলে যাচ্ছে যোগাযোগব্যবস্থা, সহজ হবে হবিগঞ্জ-ঢাকা যাত্রা
মো. নাজিমুল হাসান নাজির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
রাজধানী ঢাকার সঙ্গে হবিগঞ্জের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সহজ ও নিরাপদ করতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের হবিগঞ্জ অংশে প্রায় ৩৫৫ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। প্রকল্পটির কাজ ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সড়কটির প্রশস্তকরণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে দায়িত্ব পালন করছে। বিএনপির কোনো নেতাকর্মী দুর্নীতি কিংবা স্বজনপ্রীতিতে জড়াতে পারবেন না। সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে হুইপ বলেন, হবিগঞ্জ-লাখাই সড়কের উন্নয়নকাজ নিজস্ব গতিতে এগিয়ে যাবে। জেলার কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটছে—এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার।
সভায় জানানো হয়, প্রায় ৩৫৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হলে হবিগঞ্জ সদর ও লাখাইয়ের পাশাপাশি মাধবপুর এবং আশপাশের এলাকার মানুষের রাজধানী ঢাকায় যাতায়াত অনেক সহজ ও সময় সাশ্রয়ী হবে।
সড়কটির প্রশস্তকরণ সম্পন্ন হলে যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬