|
প্রিন্টের সময়কালঃ ১৩ অক্টোবর ২০২৬ ০৯:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৬ ০৭:০৫ অপরাহ্ণ

পটিয়ায় নজরুল বর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


পটিয়ায় নজরুল বর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

অন্যায়-অবিচারের বিরুদ্ধে কবি নজরুলের আপসহীন বিদ্রোহ যুগে যুগে অবিস্মরণীয়: এমপি এনামুল হক

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
 

তিনি বলেছেন, কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর লেখনীতে প্রতিফলিত হয়েছে মানুষের মুক্তি, সাম্য প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের চেতনা। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থান যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে।
 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

এমপি এনামুল হক এনাম বলেন, কবি নজরুল মানুষে মানুষে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না। তাঁর ‘সাম্যবাদী’ কবিতায় সাম্যের যে চিরন্তন বাণী উচ্চারিত হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ব্রিটিশ শাসনামলে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনী প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল। তাঁর ‘বিদ্রোহী’ কবিতা বাংলা সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনা, সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
 

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ, দেশপ্রেম ও প্রতিবাদী মানসিকতা ছড়িয়ে দিতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পরিসর বাড়ানো প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তুলবে।
 

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, উপজেলা খাদ্য কর্মকর্তা জামাল উদ্দিন, আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাস, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের।
 

অনুষ্ঠানে নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই শতাধিক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রূপক কুমার দে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬