|
প্রিন্টের সময়কালঃ ৩০ মার্চ ২০২৬ ০৯:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬ ০৬:১১ অপরাহ্ণ

সংসদ ভবনের সাউন্ড সিস্টেম, খাবার ও পানির মান যাচাইয়ে সাব-কমিটি গঠন


সংসদ ভবনের সাউন্ড সিস্টেম, খাবার ও পানির মান যাচাইয়ে সাব-কমিটি গঠন


ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবার, পানির মান ও আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ে দুটি গুরুত্বপূর্ণ সাব-কমিটি গঠন করা হয়েছে।

 

আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠকে সংসদের কার্যক্রমের স্বচ্ছতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে সাব-কমিটিগুলোর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমে সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া সমস্যার সমাধানে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সমস্যার কারণ চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, সরবরাহ লাইনের পানির গুণগত মান এবং সংসদ সদস্য ভবনে ব্যবহৃত আসবাবপত্রের মান যাচাইয়ের জন্য নায়ার ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে নিয়মিত তদারকি চালিয়ে মানসম্মত সেবা নিশ্চিতের সুপারিশ দিতে বলা হয়েছে।

 

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কার করে দ্রুত বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

 

সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার নিয়োগ বা সংযুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ভবনগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় জনবল পূর্বের ন্যায় পদায়নের বিষয়েও আলোচনা হয়।

 

বৈঠকে আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে অতীতের বিতর্কিত ঘটনাগুলো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি ক্রয়ে গুণগত মান বজায় রাখা এবং মূল্য যৌক্তিক রাখার ওপর জোর দেওয়া হয়।

 

এছাড়া, সংসদ সদস্যদের জন্য বরাদ্দযোগ্য বাসাগুলো আগামী ১০ তারিখের মধ্যে হস্তান্তরের লক্ষ্যে সংশ্লিষ্টদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬