|
প্রিন্টের সময়কালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৫:৪১ অপরাহ্ণ

শিশুশ্রম বন্ধে প্রয়োজনে নতুন আইন করা হবে: ডেপুটি স্পিকার


শিশুশ্রম বন্ধে প্রয়োজনে নতুন আইন করা হবে: ডেপুটি স্পিকার


নিজস্ব প্রতিবেদক

 

শিশুশ্রম নিরসনে বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের পাশাপাশি প্রয়োজন হলে আইন সংশোধন বা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
 

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্মের (ক্লেপ) সহযোগিতায় উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এ সংলাপের আয়োজন করে।
 

ডেপুটি স্পিকার বলেন, দেশে অনেক ভালো আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগের ঘাটতি রয়েছে। শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
 

তিনি বলেন, বিশেষ করে প্রভাবশালীদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের পাশাপাশি নির্বাহী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
 

১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ না দেওয়ার জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, শিশুদের স্বার্থে প্রয়োজন হলে সংসদে বিদ্যমান আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
 

পথশিশুদের প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, তারাও সুন্দর ও নিরাপদ জীবনের অধিকারী। তাদের ধীরে ধীরে রাস্তা থেকে ঘরে ফেরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বানও জানান তিনি।
 

এএসডির নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সংস্থাটির অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেটর সৈয়দ শাহিনুর রহমান।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, আন্না মিনজ ও শওকত আরা আক্তার।
 

এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক এম. রবিউল ইসলাম, চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্মের সদস্য এ কে এম মাকসুদ, আইএলওর জাতীয় প্রকল্প সমন্বয়কারী সৈয়দা মুনিরা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক পাবলো নেরুদা, শাপলা নীড় বাংলাদেশের মাহফুজা পারভীন, এএসডির কর্মসূচি পরিচালক লুৎফুন নাহার কান্তা, প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা এবং স্ক্যানের সহসভাপতি আফতাবুজ্জামানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬