কানাডীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত
অনলাইন ডেস্ক
ওয়াশিংটন, ১৯ আগস্ট: কানাডীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা আরও কিছুটা সময় পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ট্রাম্প প্রশাসন কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেয়, যা বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে শুল্ক কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা জোরদার করেছে কানাডা।
গত তিন সপ্তাহে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। কানাডার আলোচকদের আশঙ্কা, সমঝোতা ব্যর্থ হলে শত শত কানাডীয় পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা দেশটির গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল খাতের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। অন্যদিকে কানাডা বিদ্যমান শুল্কের আওতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি খাতকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি নতুন শুল্ক এড়াতে একটি গ্রহণযোগ্য বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নতুন শুল্ক আরোপের সম্ভাবনায় কানাডার ব্যবসায়ী ও শিল্পমহলে উদ্বেগ বাড়ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, অতিরিক্ত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও কানাডা—উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি আমদানি-রপ্তানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় পণ্যের দাম বাড়তে পারে, যা কানাডার ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬