|
প্রিন্টের সময়কালঃ ০৬ অক্টোবর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ণ

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার


এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক

 

বর্তমান সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।
 

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে পুলিশ। মহালয়া থেকে শুরু করে পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
 

তিনি জানান, মহানগরের প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইমসিন ভ্যান এবং বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।
 

পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজ নিজ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা কমিটিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর যথাযথ নজরদারি রাখতে হবে। কোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
 

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ওসমান গনি এবং পূজা উদযাপন কমিটির নেতারা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬