|
প্রিন্টের সময়কালঃ ১০ মে ২০২৬ ০৫:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মে ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

টাইগারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান


টাইগারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান


তৃতীয় দিনে টাইগারদের বোলিং তোপে পড়েছে পাকিস্তান। রবিবার পাকিস্তান খেলা শুরু করে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। স্কোরবোর্ডে ২৩০ রান তুলতেই নেই পাঁচ উইকেট। অর্থাৎ মাত্র ৫১ রান যোগ করতেই চার উইকেট হারায় সফরকারীরা।

 

অভিষেকে দারুণ ব‍্যাটিংয়ে সেঞ্চুরি করা আজান আওয়াইজকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন আজান। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। দ্রুত গতিতে আসা বল প্রথম স্লিপে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ১৯৮ বল স্থায়ী ১০৪ রানের জুটি।

 

বাংলাদেশ পায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট। এটি ছিল আজকের দিনে তাসকিনের দ্বিতীয় ওভার। কাঁধ সমান উঁচু থেকে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুলও। অভিষেক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া আওয়াইস ফিরেছেন ১৬৫ বলে ১০৩ রান করে। তার এই ইনিংসের ১৪টি চারের মার রয়েছে। এর কিছুক্ষণ পরপরই সাজঘরে ফেরেন শান মাসুদ।

 

তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে শট নিচে রাখতে পারেননি মাসুদ। পয়েন্টে ডাইভ দিয়ে চমৎকার নিচু ক‍্যাচ নেন সাদমান ইসলাম। ১৭ বলে ৯ রান করেন মাসুদ। এরপর পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। রানের খাতা খোলার আগেই সাউদ শাকিল সাজঘরে ফেরান তিনি।

 

মিরাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন সৌদ শাকিল। চার বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

 

শাকিল রিভিউ নিয়েছিলেন। তবে বল ব্যাটে লাগেনি, হিট করেছে উইকেটেই। মিরাজের নতুন শিকারে পরিণত হন আবদুল্লাহ ফজল। মিরাজের বল মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতরে তাইজুলের হাতে ক্যাচ দিয়েছেন ফজল। অভিষেকে ফিফটি করা এই ব্যাটসম্যান ফিরেছেন ১২০ বলে ৬০ রান করে। গতকাল ইমাম-উল-হককে আউট করা মিরাজ আজ নিলেন দুই উইকেট।

 

এ প্রতিবেদনে লেখা পর্যন্ত ৬৬ ওভারে পাঁচ উইকেটে ২৩৭ রান করেছে পাকিস্তান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬