নিখোঁজের পর সিসিটিভি বিশ্লেষণ, ফুফুর কক্ষের বাক্সে শিশুর মরদেহ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর উপজেলায় তাইফা সুলতানা (৪) নামে এক শিশুর মরদেহ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নারগিছ সুলতানাকে (৫২) আটক করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নারগিছ হত্যার দায় স্বীকার করেছেন।
সোমবার বিকেলে সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা ওই এলাকার টিপু খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, নারগিছ শিশুটিকে তার কক্ষে নিয়ে যাচ্ছেন।
এরপর নারগিছের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে তাইফার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের এক আত্মীয় জানান, তাইফার বাবা টিপু খান দীর্ঘদিন বিদেশে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি ভাই-বোনদের নামে যৌথভাবে জমি কিনে দেন। দেশে ফেরার পর ওই জমি নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ তৈরি হয়। প্রায় দুই মাস আগে টিপুর বড় বোন নারগিছ সুলতানা কারাগার থেকে জামিনে বের হন।
তাইফার বাবা টিপু খান বলেন, ‘আমার মেয়ের কী অপরাধ ছিল? তাকে এভাবে হত্যা করা হলো। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারগিছ সুলতানাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬