|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৬ ০৫:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৬ ০৩:১২ অপরাহ্ণ

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ


বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ


শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ।

 

আজ শনিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছে।

 

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

 

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মাহমুদুল হক রুবেল। 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।

 

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন করে প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

 

রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর, এই আসন থেকে কেউ আপিলও করেননি। ফলে সকলেই এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে আছেন।

 

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা  করে ইসি। 

 

পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি।

 

বগুড়া-৬ আসনের নির্বাচন : নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

 

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রেজাউল করিম বাদশা। 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

 

এই আসনেও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর কেউ আপিলও করেননি। ফলে সকলেই এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে আছেন।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। 

 

কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার বিধান না থাকায় ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

 

এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে, নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।

 

ইসি’র তফসিল অনুযায়ী, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৪ মার্চ। 

 

প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল ১৫ মার্চ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬