|
প্রিন্টের সময়কালঃ ২৯ নভেম্বর ২০২৬ ০৪:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৭:৪০ অপরাহ্ণ

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কিডনি রোগ শনাক্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছে সরকার।
 

শনিবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। আক্রান্তদের অনেকেই রোগটির দীর্ঘমেয়াদি জটিলতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশের প্রতিটি জেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
 

তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগ শনাক্তকরণ কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হবে। এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।
 

ড. এম এ মুহিত আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দক্ষ জনবল তৈরি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
 

প্রতিমন্ত্রী বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—এই তিনটি রোগের প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ। এতে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬