|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল


ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 

বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সিংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গরুবাহী পিকআপ লেভেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক ও সঙ্গে থাকা লোকজন দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
 

আখাউড়ার আজমপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, মুকুন্দপুরের শেষ প্রান্ত সিংগারবিল এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তার কারণে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়। পরে পিকআপটি সরিয়ে নেওয়ার পর প্রায় ১০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেলক্রসিং অতিক্রম করার সময় গরুবাহী পিকআপটি রেললাইনে আটকে গেলে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬