মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের দখলে থাকা জেলা পরিষদের কোটি টাকার মূল্যমানের জমি অবশেষে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশে মন্দির সংলগ্ন সরকারি জমিটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান করা হলেও দখলদাররা তা উপেক্ষা করে।
অভিযান চলাকালে বাঁশ ও তেরপাল দিয়ে নির্মিত অস্থায়ী দোকানঘর, চৌকি এবং অন্যান্য অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে পুরো এলাকা দখলমুক্ত করে জেলা পরিষদের জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, “সরকারি জমি দখলমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। বারবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা সাড়া না দেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ওই জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে ব্যবসা পরিচালনা করছিল এবং সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায় করত। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ করা হয়নি।
অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের মতে, দীর্ঘদিনের অবৈধ দখলের কারণে বাজার এলাকায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। উচ্ছেদের ফলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া জমি জনস্বার্থে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ অথবা জনসেবামূলক স্থাপনা নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, এ অভিযানকে স্থানীয় প্রশাসনের জমি দখলবিরোধী কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে সরকারি জমি কীভাবে দখলে ছিল এবং কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬