|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুলাই ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৩:১৯ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত


লক্ষ্মীপুর প্রতিনিধি 

 

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের একই পরিবারের দুই ভাই সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে দেশটির দাম্মাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন গলিপুর গ্রামের খলিফা বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের দুই ছেলে সজীব ও সুজন। দুর্ঘটনার রাতেই তাঁদের সহকর্মীরা ফোনে পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর জানান। একসঙ্গে দুই ছেলের মৃত্যুসংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

পারিবারিক সূত্রে জানা যায়, সজীব ও সুজন দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারজাত করতেন। বুধবার রাতে খেজুর বোঝাই একটি গাড়িতে বাগান থেকে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
 

বর্তমানে তাঁদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।
 

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো জেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। পরিবার যোগাযোগ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
 

তিনি আরও জানান, সরকারি বিধি-বিধান অনুযায়ী আর্থিক সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তাও দেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬