|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৬ ০৩:১১ অপরাহ্ণ

পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক


পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক


ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার।
 

বুধবার দুদকের কমিশন মামলাটির অনুমোদন দেয়। কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
 

দুদক জানায়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা অনুসন্ধান প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের একজন অনুসন্ধান কর্মকর্তা শিগগির মামলাটি দায়ের করবেন।
 

মামলার অনুমোদন পাওয়া অন্য আসামিরা হলেন স্বদীপ করপোরেশনের মালিক স্বপন কুমার মিস্ত্রী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান নাসিম আনোয়ার এফসিএ, এম এ হাশেম, সাবেক পরিচালক এম নুরুল আলম, মো. জহিরুল আলম, বাসুদেব ব্যানার্জী, মো. নওশেরুল ইসলাম, মো. আনওয়ারুল কবির, মো. নুরুজ্জামান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস নাহিদা রুনাই, সাবেক সিনিয়র ব্যবস্থাপক আল মামুন সোহাগ, সাবেক ব্যবস্থাপক মো. রাফসান রিয়াদ চৌধুরী এবং সুকুমার মৃধা।
 

পি কে হালদার এর আগে এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও ছিলেন। আর্থিক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা করেছে দুদক। বর্তমানে তিনি ভারতে কারাবন্দি রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬