ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, নিসচা নিয়ে দিয়ে গেলেন বিশেষ বার্তা
বিনোদন ডেস্ক
দেশে সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো ছিল বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়।
তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের আর কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসার পরবর্তী ধাপে তাকে ইমিউনোথেরাপি দেওয়া হবে। চিকিৎসকেরা তার সুস্থতার বিষয়ে আশাবাদী। এ সময় তিনি সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেন।
লন্ডনে যাওয়ার আগের রাতে নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন ইলিয়াস কাঞ্চন। প্রায় পাঁচ ঘণ্টার ওই আলাপচারিতায় নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি নিসচার কার্যক্রম আরও এগিয়ে নিতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
লিটন এরশাদ বলেন, ‘গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন—আমার জন্য দোয়া করো, নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে—সেই দোয়া করি।’
২০২৫ সালের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসা নিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকি থাকায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর শুরু হয় দীর্ঘ ও জটিল চিকিৎসা প্রক্রিয়া।
এবার লন্ডনে ফিরে মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা পুনরায় শুরু হবে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইলিয়াস কাঞ্চন দেশ ছাড়ার আগে নিসচার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়ে যান। একই সঙ্গে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬