সাংবাদিকদের বিপদে সম্পাদকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর
ঢাকা প্রেস ডেস্ক নিউজ:
প্রতিনিধি-সাংবাদিকরা বিপদে পড়লে সম্পাদকদের নীরব থাকার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পাদকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আহমেদ আবু জাফর বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের প্রায়ই হামলা, মামলা ও নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়। অথচ বিপদের সময় অনেক সাংবাদিককে একা হয়ে যেতে দেখা যায়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে কোনো প্রতিনিধি বিপদে পড়লে সংশ্লিষ্ট সম্পাদক কিছুদিন নীরব থাকার পর সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দেন। এতে বিপদগ্রস্ত সাংবাদিক আরও অসহায় হয়ে পড়েন। সম্পাদকদের এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সম্পাদক মানেই শুধু সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করা নয়; একজন সম্পাদক তাঁর প্রতিষ্ঠানের সাংবাদিকদের অভিভাবকও। কর্মীর বিপদে পাশে দাঁড়ানো সম্পাদকের অন্যতম প্রধান দায়িত্ব। প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা এবং সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনকে পাশে দাঁড়াতে উদ্যোগী করা—এসব দায়িত্ব সম্পাদকদেরই পালন করতে হবে।
আহমেদ আবু জাফর সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ বা প্রচার করা উচিত নয়। পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রেখে সাংবাদিকতা করতে হবে। মফস্বলের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার বিকল্প নেই। তাই সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ এবং মির্জা আরাফাত আব্বাস।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬