ইরানকে টোল দিলেই পড়তে হবে মার্কিন নিষেধাজ্ঞায়
ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল সফল হবে বলে আবারও জোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে নিজেদের শর্তে আলোচনায় বসাতে এবার হরমুজ প্রণালি ব্যবহারকারী ও টোল প্রদানকারীদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিনিধি মাইক হ্যানা জানান, ট্রাম্পের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের ফলে ইরানের প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চলমান নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে বলেও তিনি বিশ্বাস করেন। ট্রাম্প নিশ্চিত, এই চাপের মুখে শেষ পর্যন্ত তেহরান মার্কিন শর্ত মেনে চুক্তি করতে বাধ্য হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ইরানকে টোল (মাশুল) প্রদান করবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একে একটি ‘খুবই বাস্তব হুমকি’ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামে একটি নতুন সমুদ্রপথ ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এই ব্যবস্থার আওতায় একটি জাহাজ জোট গঠন করা হবে, যারা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে এই প্রণালি ব্যবহার করবে। এসব জাহাজকে মার্কিন নৌবাহিনীর রণতরি পাহারা দিয়ে নিয়ে যাবে এবং তাদের কোনো টোল দিতে হবে না।
হরমুজ প্রণালিতে চলমান অবরোধ বজায় রেখে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতেই যুক্তরাষ্ট্র এই জটিল কৌশল গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বর্তমানে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬