|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৫ ০৫:২৫ অপরাহ্ণ

ধূমপায়ীদের জন্য বাজেটে দুঃসংবাদ


ধূমপায়ীদের জন্য বাজেটে দুঃসংবাদ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম বাজেট এবং বর্তমান উপদেষ্টার প্রথম বাজেট।
 

সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় তিনি বাজেট উপস্থাপন করেন।
 

বাজেট প্রস্তাবে উল্লেখযোগ্যভাবে তামাক ও তামাকজাত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে সিগারেট, জর্দা ও গুলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তামাক বীজ আমদানিতেও ২৫ শতাংশ কাস্টমস ডিউটি আরোপের প্রস্তাব এসেছে, যেখানে এতদিন তা ছিল শূন্য শতাংশ।
 

অর্থ উপদেষ্টা বলেন, “সিগারেট, জর্দা, গুল ইত্যাদি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব পণ্যে ইতোমধ্যেই উচ্চহারে শুল্ক রয়েছে। তবে তামাক চাষ নিরুৎসাহিত করতে এবার তামাক বীজের জন্য আলাদা এইচএস কোড চালু করে আমদানিতে শুল্ক আরোপ করা হচ্ছে।”
 

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে সিগারেটের চারটি স্তরে শুল্ক ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাই এবার সিগারেটের শুল্ক কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসেনি। তবে, সিগারেট শিল্পে ব্যবহৃত কাঁচামাল—বিশেষ করে সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যা সিগারেটের দাম আরও বাড়াতে পারে।
 

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার নজির। তবে, সরকার জানিয়েছে, বাজেট বিষয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে এবং তা বিবেচনায় রেখেই চূড়ান্ত বাজেট ঘোষণা করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬