পটিয়ায় চৌকি আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় চৌকি আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, পটিয়া চৌকি আদালত বিশেষ কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত ভবনে এসে শেষ হয়।
র্যালি শেষে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মাইসুমা সুলতানা।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ সোহেল উদ্দিন খোকন, সিভিল জজ পলিনা আক্তার স্মৃতি, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু চাকমা, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষ লিগ্যাল এইড সেবার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে। এই সেবার বিষয়ে জনসচেতনতা বাড়ানো গেলে আরও বেশি মানুষ উপকৃত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬