|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪ অপরাহ্ণ

থাইল্যান্ডে বন্যায় ৮ জনের মৃত্যু, ব্যাংককসহ প্লাবিত ২৭ প্রদেশ


থাইল্যান্ডে বন্যায় ৮ জনের মৃত্যু, ব্যাংককসহ প্লাবিত ২৭ প্রদেশ


থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। বন্যায় রাজধানী ব্যাংককসহ দেশের ২৭টি প্রদেশের ৫ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ লাখেরও বেশি।
 

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তরের (ডিডিপিএম) তথ্য অনুযায়ী, বন্যায় নিহত আটজনই পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দা। তবে রাজধানী ব্যাংককে এখন পর্যন্ত বন্যাজনিত মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির কারণে ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।
 

গত শনিবার প্রায় ৪৮ ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক প্লাবিত হয়। এতে আরও প্রায় ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ডিডিপিএম জানিয়েছে, ব্যাংককে পানির উচ্চতা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে শহরের কিছু এলাকায় এখনো পানি বেশি রয়েছে।
 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের কয়েকটি এলাকায় বাসিন্দাদের উরুসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। পরিস্থিতির কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
 

সরকারের মুখপাত্র এক্কাপব পিয়ানপিসেস জানিয়েছেন, রাজধানীর কিছু এলাকায় পানির উচ্চতা এখনো বেশি। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

থাইল্যান্ডে বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক হলেও সেপ্টেম্বর দেশটির অন্যতম বৃষ্টিপ্রবণ মাস। স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, চলতি বছরের বন্যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি দুর্ভোগ তৈরি করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬