|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৪:২২ অপরাহ্ণ

হজে যাওয়ার আগে পারমিট যাচাই জরুরি: সৌদি মন্ত্রণালয়


হজে যাওয়ার আগে পারমিট যাচাই জরুরি: সৌদি মন্ত্রণালয়


নিউজ ডেস্ক, ঢাকা প্রেস


 

পবিত্র মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে হজযাত্রীদের পারমিট বা অনুমোদনের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
 

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত হজ পারমিট সঙ্গে রাখা বাধ্যতামূলক। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, বৈধ অনুমতি ছাড়া হজে অংশগ্রহণের সুযোগ নেই। এই নীতির কঠোর অনুসরণই নির্বিঘ্ন ও নিরাপদ হজ পালনের অন্যতম প্রধান শর্ত।
 

রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত নিয়ম মেনে চললে হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। এতে হজ মৌসুমে সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
 

মন্ত্রণালয়ের মতে, হজ পারমিট ব্যবস্থাপনা ভিড় নিয়ন্ত্রণ এবং পবিত্র স্থানগুলোতে যাত্রীদের সুষম বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে।
 

বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া বিজ্ঞাপন এবং লাইসেন্সবিহীন হজ কাফেলা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের আগেভাগেই সচেতন করতে কাজ করছে সৌদি সরকার, যাতে তারা নিজ দেশ থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬