বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত : সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, পারস্পরিক আস্থা, অভিন্ন আকাঙ্ক্ষা এবং অগ্রগতির গভীরে প্রোথিত বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব।
জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুই দেশের অটুট বন্ধুত্ব বিগত কয়েক দশক ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যৌথ শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য জাপানের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের জাপান দূতাবাসে জাপানের সম্রাটের জন্মদিন উপলক্ষে আয়োজিত দেশটির জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অব্যাহত সহযোগিতাকে সবসময় দৃঢ়ভাবে মূল্যায়ন করে।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। জাপান বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার হিসেবে অবকাঠামো, জ্বালানি ও সংযোগ খাতে যুগান্তকারী অবদান রেখে চলেছে।
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।
এছাড়া, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে একটি টেকসই সমাধানের জন্য জাপানের গঠনমূলক সম্পৃক্ততা অপরিহার্য।’
মন্ত্রী আরো বলেন, সম্প্রতি সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করেছে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সুসংহত ও সম্প্রসারিত করার জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। কৃষকদেরকে সহায়তার জন্য ‘কৃষি কার্ড’ও চালু করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমের মধ্যে রয়েছে- গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, এবং সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধান, কূটনৈতিক সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার সদস্যরা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬