‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসস
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দুটি চারা রোপণ করেন। পরে সূরা ফাতিহা পাঠ, জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার। এ সময় প্রধানমন্ত্রী নির্মাণাধীন হোস্টেলগুলোতে শিক্ষার্থীদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
আয়োজকরা জানান, ১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। সেই স্মরণীয় দিনটিকে প্রতিবছর ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপন করা হয়। এ বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্তি উদযাপন করছে এবং ৮১তম বছরে পদার্পণ করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬