তিতাসে টিউবওয়েল ব্যবহারের বিরোধে বড় ভাইকে হত্যা, ছোট ভাই পলাতক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাই মানিক মিয়া (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই রাজিব মিয়ার বিরুদ্ধে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়ার বাড়ির টিউবওয়েলটি প্রায়ই ব্যবহার করতেন তার ছোট ভাই রাজিব মিয়া। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিবারের দাবি, রাজিবের অতিরিক্ত ব্যবহারের কারণে টিউবওয়েলটি প্রায়ই নষ্ট হয়ে যেত।
বুধবার দুপুরে রাজিব মিয়া আবারও টিউবওয়েল ব্যবহার করতে গেলে মানিক মিয়া বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব মিয়া তার বড় ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে কোদাল দিয়ে মানিক মিয়ার গলার বাম পাশে একাধিক আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার অভিযোগ করে বলেন, রাজিব প্রায়ই তাদের টিউবওয়েল ব্যবহার করতেন এবং তা নষ্ট করে ফেলতেন। বুধবারও এ বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে তিনি তার স্বামীকে কোদাল দিয়ে আঘাত করেন।
ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬