|
প্রিন্টের সময়কালঃ ১১ জুলাই ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ণ

টেকনাফে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতারের পর কারাগারে


টেকনাফে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতারের পর কারাগারে


কক্সবাজার প্রতিনিধি:

 

 

কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়।

 

গ্রেফতারকৃত পারভেজ রাঙ্গামাটি জেলার আবু ছিদ্দিকের ছেলে। তবে সে ছোটবেলা থেকেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় তার নানির বাড়িতে বসবাস করে আসছিল।

 

ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) দুপুরে হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় পারভেজ তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায়। বিষয়টি শিশুটির ছোট ভাই দেখে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তার মাকে গিয়ে জানায়।

 

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পারভেজকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে গণধোলাই দিয়ে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান:

"হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার দুপুরে পারভেজ নামের ওই যুবককে আটক করা হয়েছিল। পরবর্তীতে ২১ মে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬