|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০৫:৪০ অপরাহ্ণ

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, টানা বর্ষণে জনজীবন স্থবির


বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, টানা বর্ষণে জনজীবন স্থবির


বরগুনা প্রতিনিধি:-

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ওইদিন জোয়ারের পানি ২ দশমিক ৩১ মিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে। এছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

জোয়ার ও বৃষ্টির ফলে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট, পোটকাখালী, কুমড়াখালী আবাসন প্রকল্প, কলেজ রোড, পশু হাসপাতাল সড়ক, চরকলোনি, মাঝের চর এবং তালতলী উপজেলার নিদ্রা, সকিনা ও শুভসন্ধ্যা সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন।
 

পানির উচ্চতা বেড়ে যাওয়ায় শনিবার দুপুরে বড়ইতলা-বাইনচটকি এবং আমতলী-পুরাকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে কোমর সমান পানিতে ডুবে যায়। ফলে অন্তত দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
 

তবে পরিস্থিতি গুরুতর হলেও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। বরগুনার বেড়িবাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ থাকলেও তা এখনো টিকে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬