|
প্রিন্টের সময়কালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৬:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৪:১৯ অপরাহ্ণ

ছেলের বৌ-ভাতের আয়োজন, গরু চুরির অভিযোগে বাবা গ্রেপ্তার


ছেলের বৌ-ভাতের আয়োজন, গরু চুরির অভিযোগে বাবা গ্রেপ্তার


গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য গরু চুরি করে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চুরি হওয়া গরুর মাংস, মাথা, চামড়া ও পা উদ্ধার করা হয়।
 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার বিকেলে গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শহিদুল ইসলাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ক্রস জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে গরুটির সন্ধানে বের হলে বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তারা।
 

পায়ের ছাপ অনুসরণ করে পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে গরুটি জবাই করা অবস্থায় দেখতে পান শহিদুল ও তার সঙ্গে থাকা লোকজন। অভিযোগ রয়েছে, রফিকুলের ছেলের বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য গরুটি জবাই করা হয়েছিল।
 

এ সময় গরুর মালিক ও তার ভাতিজা আনারুলের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনারুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে তা ঠেকাতে গিয়ে ডান হাতে কাটা জখম হন।
 

পরে রফিকুলের বাড়িতে একটি চটের বস্তা থেকে গরুর মাথা ও চামড়া উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ জবাই করা গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করে।
 

আহত আনারুলকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 

মামলায় রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সোহান (২৩), রাব্বি (২১) ও শফিকুল ইসলাম। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। রফিকুল পুলিশের হেফাজতে থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছেন।
 

গরুর মালিক শহিদুল ইসলাম বলেন, তার একটি মাত্র গাভি ছিল। সেটি চুরি করে নিয়ে বিয়ের অনুষ্ঠানে জবাই করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত সবার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬