|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৬ ১১:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ মে ২০২৬ ১২:২০ অপরাহ্ণ

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আজ শপথ


শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আজ শপথ


পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

 

আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) তার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

 

শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়ককে নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়।

 

দলের অন্দরে বরাবরই অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু। এবারের নির্বাচনে বিজেপির হয়ে সবচেয়ে আক্রমণাত্মক প্রচারও তিনিই চালিয়েছেন।

 

পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে যান তিনি।

 

বিজেপি নেতৃত্ব বারবারই দাবি করেছে, দলের আদর্শিক ভিত্তি গড়ে উঠেছিল বঙ্গসন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারাকে কেন্দ্র করে। সেই বাংলার মাটিতেই প্রথম বিজেপি সরকার গঠনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই তুলে ধরছে গেরুয়া শিবির।

 

দলীয় সূত্রের দাবি, এই সরকার গঠনের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

 

এদিকে অমিত শাহ জানিয়েছেন, বিজেপিকে শুধু সরকার গঠন করে কাজ শুরু করতে দিন, বঙ্গবাসীর প্রত্যাশা পূরণ হবেই।

 

সূত্রের খবর, শনিবার শপথ নেওয়ার পর আপাতত রাজ্যের মন্ত্রিসভা ও প্রশাসনিক কার্যক্রম চলবে পশ্চিমবঙ্গের রাজভবন থেকে, যা কলকাতার ইডেন গার্ডেন সংলগ্ন অঞ্চল।

 

একইসঙ্গে রাজ্যের ঐতিহ্যবাহী প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজও দ্রুত শুরু হতে চলেছে। আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে নতুন রূপে সাজিয়ে তোলা হবে ব্রিটিশ আমলের এই ঐতিহাসিক ভবনকে। পরে সেখানেই ফের স্থানান্তরিত হতে পারে রাজ্য সচিবালয়।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাইটার্স বিল্ডিং থেকেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হত। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সদর দপ্তর সরিয়ে নিয়ে যান হাওড়ার নবান্ন ভবনে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬