রাজশাহী-৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, নির্বাচিত আবু সাইদ চাঁদ
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। ধানের শীষ প্রতীকে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৫ হাজার ৭০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বেসরকারি ফলাফল নিশ্চিত করেন।
বেসরকারি চূড়ান্ত ফলাফলে দেখা যায়, চারঘাট ও বাঘা উপজেলায় ধানের শীষ প্রতীকে আবু সাইদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মো. আ. সালাম সুরুজ (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৬২৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হিসেবে একাধিকবার নির্বাচিত আবু সাইদ চাঁদ নানা সময়ে কারাবরণ ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়।
চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও ‘ব্যালট বিপ্লব’-এর প্রেক্ষাপটে অনুষ্ঠিত এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে এই বিজয় নতুন বাংলাদেশ গঠনের রায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৫৩ হাজার ৩০২ জন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬