পটিয়ায় মহালয়ার অনুষ্ঠানে এমপি এনাম: দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়ায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার রাতে পটিয়ার সুচক্রদণ্ডী পল্লী মঙ্গল সমিতি ও শিবমন্দিরসংলগ্ন মাঠে শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এনামুল হক এনাম বলেন, ‘‘৫ আগস্টের পর আমরা যেভাবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিলাম, ভবিষ্যতেও একইভাবে তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শারদীয় দুর্গোৎসবসহ সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’’
তিনি বলেন, এ দেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। দুর্গাপূজা এখন শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিষদের আরেক উপদেষ্টা দেবাশীষ দাশ।
পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল ও সুকান্ত তালুকদার।
এ ছাড়া বক্তব্য দেন দেবাশীষ দাশ, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও ইউপি সদস্য উত্তম দে।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে মহালয়া উপলক্ষে শ্রীশ্রী চণ্ডীপাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে মহালয়ার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরা হয়।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬