|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৩:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন


সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:


“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সীতাকুণ্ডে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় বেলুন উড়িয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। এর আগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনজন বোট মালিকের হাতে নৌযানের লাইসেন্স হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।

মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিফ উদ্দিন, মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হামিদুল ইসলাম এবং নৌ পুলিশের এসআই ছায়েদুল রহমান।

এ ছাড়া স্থানীয় জেলে, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় আনতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬