আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় মীর শাহে আলম বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের একজন বীর ও অনুপ্রেরণার প্রতীক। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আবু সাঈদের স্মৃতি ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার কাজ করছে।
তিনি বলেন, আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নকাজে এক কোটি টাকা ব্যয় করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে জেলা প্রশাসককে উন্নয়নকাজের নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরাঞ্চলের মানুষের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, খাল খনন, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একইভাবে আগামী চার বছরের মধ্যে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষকদের বিভিন্ন শ্রেণিতে বিবেচনা করে এ কার্ড দেওয়া হবে এবং এজন্য কোনো তদবিরের প্রয়োজন হবে না।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানীর বিষয়ে তিনি বলেন, দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সঙ্গে সংশ্লিষ্টদের সম্মান দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হয়েছে। মাসের প্রথম সপ্তাহে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কর্মসংস্থান প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। এর মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়িয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন কারণে তেল-গ্যাসের বাজারে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।
বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, লংমার্চ করে সমস্যার সমাধান হবে না। কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে সংসদে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের কার্যক্রমের সফলতা-ব্যর্থতা মূল্যায়নে সময় দেওয়ার অনুরোধ করেন।
এ সময় রংপুর স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান তিনি। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬