প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, আগামী রোববার হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পূর্ববর্তী সরকারি বাসভবন ‘গণভবন’কে একটি পাবলিক জাদুঘরে রূপান্তর করা হয়। তবে এরপর থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য নতুন কোনো নিরাপদ সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
রিটে আরও বলা হয়, বর্তমানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কোনো সরকারি বাসভবন না থাকায় বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হওয়া উচিত। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, মর্যাদা এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে আদালতের নির্দেশনা কামনা করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬