|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৯ অপরাহ্ণ

আড্ডারত কিশোরসহ চট্টগ্রামে আটক ৪৪৫, মুচলেকায় ছাড়া ২৯৩


আড্ডারত কিশোরসহ চট্টগ্রামে আটক ৪৪৫, মুচলেকায় ছাড়া ২৯৩


চট্টগ্রাম ব্যুরো


 

চট্টগ্রাম জেলার ১৭ থানায় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে কিশোরসহ ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ এবং পরিত্যক্ত ও নির্জন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
 

সোমবার সকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য জানান।
 

জেলা পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন এলাকায় আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ৩৫৪ কিশোরকে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই শেষে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

এ ছাড়া মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
 

পুলিশের পক্ষ থেকে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার আহ্বান জানানো হয়েছে।
 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬