রিয়ালকে বিধ্বস্ত করে ফের লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় লড়াই এল ক্লাসিকোতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার মুকুট নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি ২-০ গোলের জয়ে মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা নিজেদের করে নেয়। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড এবং স্প্যানিশ তারকা ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে দেন। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলেলিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১৪। হাতে মাত্র তিন ম্যাচ বাকি থাকায় রিয়ালের আর কোনো সম্ভাবনা থাকছে না শিরোপা পুনরুদ্ধারের। ফলে আনুষ্ঠানিকভাবেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বার্সাকে।
ম্যাচটির আবেগঘন একটি দিকও ছিল। খেলা শুরুর আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক তার বাবার মৃত্যুসংবাদ পান। ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি দলের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন। এ কারণে ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষ বাঁশি বাজতেই ক্যাম্প ন্যু জুড়ে শুরু হয় উৎসব। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকেরা একসঙ্গে শিরোপা উদযাপনে মেতে ওঠেন। পরে সমর্থকদের সামনে প্রথমে খেলোয়াড়দের হাতে লা লিগা ট্রফির প্রতীকী সংস্করণ তুলে দেওয়া হয়। এরপর মূল ট্রফি উঁচিয়ে ধরেন দলের অধিনায়ক ও সতীর্থরা।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় হ্যান্সি ফ্লিক সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের পারিবারিক বন্ধন ও ঐক্য। তার মতে, পুরো মৌসুমে দল যেভাবে একে অপরকে সহযোগিতা করেছে, সেটিই সাফল্যের মূল কারণ।
লা লিগার দীর্ঘ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে সরাসরি এল ক্লাসিকোর ফলেই শিরোপা নির্ধারিত হয়েছে। এর আগে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদ বার্সার বিপক্ষে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছিল।
কয়েক বছর ধরে ধারাবাহিকতা হারিয়ে ফেলা বার্সেলোনা এখন আবারও স্প্যানিশ ফুটবলে আধিপত্য বিস্তার করছে। গত চার মৌসুমের মধ্যে এটি তাদের তৃতীয় লা লিগা শিরোপা। ২০২৪ সালে জাভি হার্নান্দেজের বিদায়ের পর দায়িত্ব নেওয়া হ্যান্সি ফ্লিক অল্প সময়েই দলটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
জার্মান এই কোচের অধীনে এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে বার্সেলোনা। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং একটি কোপা দেল রে।
শুধু শিরোপাই নয়, গোল করার ধারাবাহিকতাতেও নতুন নজির গড়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫৫ ম্যাচে গোল করেছে বার্সেলোনা, যা ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি ধারাবাহিক গোলের রেকর্ড রয়েছে শুধুমাত্র ২০১২-১৩ মৌসুমে, তখন টানা ৬৪ ম্যাচে গোল করেছিল কাতালানরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬