|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৯:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৬:০৪ অপরাহ্ণ

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর


ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে দু’দেশের আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্যের হার ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা জরুরি।

তিনি আরও বলেন, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে বাংলাদেশ সম্ভাবনাগুলো কাজে লাগাতে চায়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি—সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি। সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন পারস্পরিকভাবে লাভজনক হতে পারে বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ইতোমধ্যে সুদৃঢ়, যা আরও সম্প্রসারণে তারা আগ্রহী।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ভৌগোলিক নৈকট্যের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল। এছাড়া, বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভুটানের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে, যা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬