|
প্রিন্টের সময়কালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৫ অপরাহ্ণ

ট্রাম্প-শি বৈঠকে নতুন বোয়িং চুক্তি অনিশ্চিত


ট্রাম্প-শি বৈঠকে নতুন বোয়িং চুক্তি অনিশ্চিত


রয়টার্স

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে বোয়িং উড়োজাহাজ কেনার কোনো প্রতিশ্রুতি নাও দিতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্য, এ বিষয়ে আলোচনা এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।
 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বিভিন্ন খাতের প্রতিনিধিরাও অংশ নেবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসে হওয়া একটি অস্থায়ী চুক্তিকে চূড়ান্ত করার চেষ্টা করছে বোয়িং। ওই চুক্তির আওতায় চীনের প্রায় ২০০টি উড়োজাহাজ কেনার কথা রয়েছে।
 

২০১৭ সালের পর থেকে চীনের বাজারে বোয়িংয়ের অবস্থান দুর্বল হয়ে পড়ে। এ সময় ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস চীনের বাজারে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। ট্রাম্প ও শির মে মাসের বৈঠকের পর বোয়িং আবারও বড় অর্ডার পেতে পারে বলে আশা করা হয়েছিল। তখন দুই দেশের কর্মকর্তারা সর্বোচ্চ ৫০০টি উড়োজাহাজ কেনার বিষয়েও আলোচনা করেছিলেন।
 

ট্রাম্পের বেইজিং সফরের পর বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি অর্টবার্গ জানিয়েছিলেন, ২০০টি উড়োজাহাজের সম্ভাব্য অর্ডারটি ছিল প্রাথমিক ধাপ। সংখ্যাটি প্রত্যাশার তুলনায় কম হলেও চীনের বাজারে ফেরার সুযোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
 

বিনিয়োগকারী ও এভিয়েশন খাতের বিশ্লেষকদের প্রত্যাশা ছিল, শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের সময় বোয়িং আরও বড় অর্ডার পেতে পারে। তবে গত সপ্তাহে অর্টবার্গের বক্তব্যে সেই সম্ভাবনা কমে আসার ইঙ্গিত পাওয়া যায়।
 

এভিয়েশন খাতের পরামর্শক প্রতিষ্ঠান অ্যারোডাইনামিক অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড আবুলাফিয়ার মতে, বর্তমান পরিস্থিতিতে ২০০টি উড়োজাহাজের সম্ভাব্য অর্ডার ধরে রাখতে পারাটিও বোয়িংয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে।
 

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন বিশেষজ্ঞ স্কট কেনেডি বলেন, ট্রাম্প-শি বৈঠকের অগ্রাধিকার তালিকায় নতুন উড়োজাহাজ কেনার বিষয়টি খুব বেশি গুরুত্ব নাও পেতে পারে। বরং বাণিজ্যযুদ্ধের বিরতির মেয়াদ বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং বিরল খনিজসহ অন্যান্য বিষয়ে আলোচনা বেশি গুরুত্ব পেতে পারে।
 

এ বিষয়ে বোয়িংয়ের পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স চীনের বাণিজ্য মন্ত্রণালয়, ওয়াশিংটনে চীনা দূতাবাস এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬